বিএনএ কক্সবাজার: কক্সবাজারের উখিয়া উপজেলায় রোহিঙ্গা ক্যাম্পের পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান পেয়েছে র্যাব। সেখান থেকে ১০টি অস্ত্র ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জামসহ ৩ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।
সোমবার (৮ নভেম্বর) ভোরে উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের এক্স-৪ এর গহীন পাহাড়ে এ অভিযান পরিচালনা করা হয়।
আটককৃতরা হলেন, কুতুপালং ক্যাম্প সি-১ জি ব্লকের মৃত আজিজুর রহমানের ছেলে বাইতুল্লাহ (১৯), তার ভাই হাবিব উল্লাহ (৩২) ও একই ক্যাম্পের জি ব্লকের জাহিদ হোসেনের ছেলে মোহাম্মদ হাছুন (২৪)।
সংবাদ মাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১৫ অধিনায়ক লে. কর্নেল খায়েরুল ইসলাম।
তিনি জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র পাহাড়ে কারখানা তৈরি করে অস্ত্র বানিয়ে আসছিল। সেখান থেকে রোহিঙ্গা সন্ত্রাসীদের কাছে অস্ত্র সরবারহ করা হচ্ছিল। এমন তথ্য গোয়েন্দা নজরদারি বাড়িয়ে কারখানাটি শনাক্ত করা হয়। এরপর সোমবার ভোরে চার ঘণ্টার বেশি সময় গুলি বিনিময়ের পর কারখানাটি নিয়ন্ত্রণে নেয়া হয়েছে। পরে সেখান থেকে জব্দ করা হয় ৫ পিস্তল, ৫ বন্দুক ও বিপুল পরিমাণ অস্ত্র তৈরির সরঞ্জাম।
লে. কর্নেল খায়েরুল ইসলাম বলেন, ক্যাম্পগুলোতে সন্ত্রাসীদের তৎপরতা ঠেকাতে র্যাবের সদস্যরা কাজ করে যাচ্ছে। আটকদের পরবর্তী আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাব-১৫ অধিনায়ক।
বিএনএনিউজ/আরকেসি
![]()

