বিএনএ, বিশ্বডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের লক্ষ্যে মার্কিন সামরিক অভিযানে কিউবার ৩২ জন নাগরিক নিহত হয়েছেন।
কিউবার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা প্রেনসা লাতিনা জানিয়েছে, নিহত কিউবানরা ভেনেজুয়েলা সরকারের অনুরোধে কিউবার সামরিক বাহিনীর হয়ে মিশন পরিচালনা করছিলেন।
সংস্থার তথ্য অনুযায়ী, তারা হামলাকারীদের বিরুদ্ধে সরাসরি যুদ্ধে লিপ্ত ছিলেন এবং বিভিন্ন স্থাপনায় বোমা হামলায় প্রাণ হারান। মৃত্যুর আগে তাঁরা নিকোলাস মাদুরোকে বাঁচাতে তীব্র প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
দীর্ঘদিন ধরে কিউবা ভেনেজুয়েলার ঘনিষ্ঠ মিত্র। মাদুরো সরকারের পক্ষে দেশটি সামরিক ও পুলিশি সহায়তা দিয়ে আসছে। শুক্রবার (২ জানুয়ারি) মার্কিন সামরিক অভিযানের পর মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে নিউইয়র্কে নিয়ে যাওয়া হয়। সোমবার (৫ জানুয়ারি) তাঁদের মাদকসংক্রান্ত মামলায় যুক্তরাষ্ট্রের আদালতে হাজির হওয়ার কথা রয়েছে।
তবে মাদুরো এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। মার্কিন বাহিনীর হাতে চোখ বাঁধা ও হাতকড়া পরা মাদুরোর ছবি ছড়িয়ে পড়লে ভেনেজুয়েলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
বিশ্লেষকদের মতে, এটি ৩৭ বছর আগে পানামা আগ্রাসনের পর লাতিন আমেরিকায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিতর্কিত হস্তক্ষেপ।
বিএনএ/ওজি
![]()
