বিএনএ বিশ্বডেস্ক : ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর অনুপস্থিতিতে দেশটির অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ।ভেনেজুয়েলার সুপ্রিম কোর্ট এ বিষয়ে রায় দিয়েছে।
রোববার (৪ জানুয়ারি) বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র আটক করে নেওয়ার পর রাষ্ট্র পরিচালনার ধারাবাহিকতা বজায় রাখতে ডেলসি রদ্রিগেজকে অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব দেওয়া হয়েছে।
আদালতের রায়ে বলা হয়, প্রশাসনিক কার্যক্রম স্বাভাবিক রাখা এবং দেশের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য বর্তমান পরিস্থিতিতে এই সিদ্ধান্ত নেওয়া জরুরি। একই সঙ্গে আদালত উল্লেখ করে, প্রেসিডেন্টের অনুপস্থিতিতে রাষ্ট্র পরিচালনা, সার্বভৌমত্ব রক্ষা এবং সরকার পরিচালনার ক্ষেত্রে কোন কোন আইনগত কাঠামো প্রযোজ্য হবে, তা নিয়ে আরও আলোচনা ও পর্যালোচনা করা হবে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ যুক্তরাষ্ট্রের শর্ত অনুযায়ী সহযোগিতা করলে দেশটিতে মার্কিন সেনা মোতায়েন করা হবে না। নিউইয়র্ক পোস্টের এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, রদ্রিগেজের সঙ্গে একাধিকবার আলোচনা হয়েছে এবং তিনি বিষয়টি বুঝতে পারছেন।
ট্রাম্প আরও দাবি করেন, ডেলসি রদ্রিগেজ ইতোমধ্যে ভেনেজুয়েলার অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন এবং মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কাজ করতে সম্মত হয়েছেন।
বিএনএ/ ওজি
![]()
