33.6 C
আবহাওয়া
৪:২৯ অপরাহ্ণ - আগস্ট ৩, ২০২৬
Bnanews24.com
Home » ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা

ওয়াশিংটনে জরুরি অবস্থা ঘোষণা


বিএনএ, ঢাকা: যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যে ভয়াবহ দাবানলে অন্তত ৬০০টি বাড়িঘর, ব্যবসাপ্রতিষ্ঠান ও অন্যান্য স্থাপনা পুড়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় অঙ্গরাজ্যজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন গভর্নর বব ফার্গুসন।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, শুষ্ক আবহাওয়া ও প্রবল দমকা হাওয়ার কারণে দাবানল নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। ওয়াশিংটনের দ্বিতীয় বৃহত্তম শহর স্পোকেন ও আশপাশের এলাকায় আগুনে প্রায় ৮ দশমিক ২ বর্গমাইল (প্রায় ২১ বর্গকিলোমিটার) এলাকা পুড়ে গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওয়াশিংটনজুড়ে এখন পর্যন্ত প্রায় ৩৯০ বর্গমাইল এলাকা আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে। স্পোকেনের দাবানলসহ কয়েকটি আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। সরিয়ে নেওয়া মানুষের মধ্যে স্পোকেন ভেটেরান্স অ্যাফেয়ার্স হাসপাতালের রোগীরাও রয়েছেন।

এ দিকে যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া বিভাগ পূর্ব ওয়াশিংটন, পূর্ব ওরেগন, পশ্চিম ও মধ্য আইডাহো এবং পশ্চিম মন্টানায় বায়ুদূষণ সতর্কতা জারি করেছে। পাশাপাশি উটাহ, মন্টানা ও পশ্চিম নেব্রাস্কার কিছু এলাকায় দাবানলের উচ্চ ঝুঁকির সতর্কতা এবং অ্যারিজোনা, ক্যালিফোর্নিয়া, নেভাডার দক্ষিণাঞ্চল ও উত্তর মন্টানায় তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ