বিএনএ, ঢাকা: রাজধানীর পল্লবীতে রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামিদের আত্মপক্ষ সমর্থন শুনানি শেষ হয়েছে। বুধবার (৩ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালতে এ সংক্রান্ত শুনানি হয়।শুনানি শেষে বৃহস্পতিবার(৪ জুন) যুক্তিতর্কের জন্য তারিখ ধার্য করেন আদালত।
আদালতের বেঞ্চ সহকারী পঙ্কজ পিটার গোমেজ এ তথ্য নিশ্চিত করেন।
এদিন সকালে সোহেল রানাকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার এবং স্বপ্না আক্তারকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকার আদালতে আনা হয়।
পরে ১০টা ৪৭ মিনিটে সোহেল রানাকে ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে ১০টা ৫৭ মিনিটে হাজতখানা থেকে আদালতে তোলা হয়। সকাল ১১টা ১০ মিনিটে কোর্ট বসে। বিচারক প্রধান আসামি সোহেল রানাকে এ মামলার সকল সাক্ষীদের জবানবন্দি পড়ে শোনান। আদালত সোহেল রানার কাছে জানতে চান, আপনার কিছু বলার আছে কি না।
‘আমি নির্দোষ স্যার। আমার সঙ্গে যে ছিল-ডলার, তাকে আপনারা ধরেন। আমি দোষ করি নাই তা-না, আমিও দোষ করেছি। আমারে মাফ করে দিয়েন, আমার একটা ছোট ছাওয়াল আছে, আমার বউটা একদম নির্দোষ।’ পরে স্বপ্না আক্তারের কোনো কথা আছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি কিছু করি নাই, আমি নির্দোষ।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুর রহমান দুলু বৃহস্পতিবার যুক্তিতর্কের জন্য দিন নির্ধারণ করার আবেদন করলে আদালত সেটি মঞ্জুর করেন।
বিএনএ/ওজি
![]()

