32.7 C
আবহাওয়া
২:৪২ অপরাহ্ণ - জুন ১২, ২০২৬
Bnanews24.com
Home » মশক নিধন প্রযুক্তি দেখতে যুক্তরাষ্ট্র সফর বাতিল: ‘ভুল তথ্যের শিকার’ দাবি চসিক মেয়রের

মশক নিধন প্রযুক্তি দেখতে যুক্তরাষ্ট্র সফর বাতিল: ‘ভুল তথ্যের শিকার’ দাবি চসিক মেয়রের


বিএনএ, চট্টগ্রাম: মশা নিয়ন্ত্রণ ব্যবস্থা পর্যবেক্ষণে চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ও কয়েকজন কর্মকর্তার প্রস্তাবিত যুক্তরাষ্ট্র সফর অনুমোদন না পাওয়ার ঘটনায় ‘ভুল, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য’ দেওয়ার অভিযোগ তুলেছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।

মঙ্গলবার (২ জুন) দুপুরে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি দাবি করেন, মশক নিধনের জৈবিক প্রযুক্তি উৎপাদনের সম্ভাবনা যাচাইয়ে যুক্তরাষ্ট্র সফর সংক্রান্ত বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে একটি স্বার্থান্বেষী মহল বিভ্রান্ত করেছে।

পোস্টে মেয়র বলেন, সব প্রস্তুতি চূড়ান্ত হওয়ার পরও ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্যের’ কারণে দেশের জন্য গুরুত্বপূর্ণ এ সফর অনিশ্চয়তার মুখে পড়েছে।

তিনি জানান, গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের মে মাস পর্যন্ত চসিক এলাকায় যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির মশার লার্ভা নিধনের জৈবিক রাসায়নিক ব্যবহার করা হয়। ইতিবাচক ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে প্রতিষ্ঠানটির সঙ্গে যৌথ উদ্যোগে একটি উৎপাদন কারখানা স্থাপনের প্রস্তাব দেওয়া হয়েছিল।

মেয়রের দাবি, সম্ভাব্যতা যাচাইয়ের অংশ হিসেবে প্রতিষ্ঠানটি তার নেতৃত্বে একটি প্রতিনিধিদলকে যুক্তরাষ্ট্রের শিকাগো ও ফ্লোরিডায় অবস্থিত কারখানা ও গবেষণাগার পরিদর্শনের আমন্ত্রণ জানায়। সফরের সব ব্যয় বহন করার কথাও ছিল প্রতিষ্ঠানটির।

তিনি বলেন, দেশে এ ধরনের কারখানা স্থাপিত হলে মশার লার্ভা নিধনের রাসায়নিক স্থানীয়ভাবে উৎপাদন সম্ভব হতো, বৈদেশিক মুদ্রা সাশ্রয় হতো এবং ডেঙ্গুসহ মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে নতুন সম্ভাবনা তৈরি হতো।

এর আগে চসিক মেয়রসহ কয়েকজন কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের প্রস্তাব সরকারের অনুমোদনের জন্য পাঠানো হয়। তবে সোমবার প্রধানমন্ত্রী তারেক রহমান এ সফরের অনুমোদন দেননি।

প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগ চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন ও পাঁচ কর্মকর্তার যুক্তরাষ্ট্র সফরের অনুমোদন চেয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে সারসংক্ষেপ পাঠিয়েছিল।

প্রস্তাবিত সফরের বিষয়ে মন্তব্য করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “মশা দমন বা নিয়ন্ত্রণ শেখার কিংবা তা পর্যবেক্ষণের জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার কোনো প্রয়োজন নেই। সূর্যাস্তের পর দেশে যেকোনো স্থির পানির উৎসের পাশে দুই-তিন ঘণ্টা সময় কাটালেই মশা নিয়ন্ত্রণের বহু উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব।”

প্রেস উইং জানায়, সফরটির অর্থায়ন করার কথা ছিল যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ভ্যালেন্ট বায়োসায়েন্সেস এলএলসির। তবে সরকারি কর্মকর্তাদের অপ্রয়োজনীয় বিদেশ সফর কমানোর নীতির অংশ হিসেবে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়নি।

চসিক সূত্রে জানা গেছে, প্রস্তাবিত প্রতিনিধিদলে মেয়র ডা. শাহাদাত হোসেন ছাড়াও ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশরাফুল আমিন, প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির চৌধুরী, ম্যালেরিয়া ও মশক নিয়ন্ত্রণ কর্মকর্তা মো. সরফুল ইসলাম এবং স্থানীয় সরকার বিভাগের একজন কর্মকর্তাকে অন্তর্ভুক্ত করার প্রস্তাব ছিল।

এদিকে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত এবং মেয়রের ফেসবুক পোস্ট ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ