30.4 C
আবহাওয়া
৯:২৮ অপরাহ্ণ - আগস্ট ১, ২০২৬
Bnanews24.com
Home » মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু

মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: রফিকুল আলম মজনু


বিএনএ, ছাগলনাইয়া: ফেনী-১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু বলেছেন, “মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। আমরা তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করে সমাজ থেকে মাদক উৎখাত করব ইনশাআল্লাহ। আমাদের ছেলেরা যাতে প্রান্তিক পর্যায়ে ভালোভাবে খেলতে পারে, সেজন্য ইউনিয়নভিত্তিক মাঠ তৈরি করে দেব।”

​শনিবার (১ আগস্ট) বিকেলে পৌর শহরের সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ‘ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাব’ আয়োজিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

​সাংসদ মজনু আরও বলেন, “আপনারা জেনে আনন্দিত হবেন, বাংলাদেশে ১০টি ক্রীড়াপল্লীর একটি ফেনীতে হচ্ছে। যেহেতু মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্মৃতিবিজড়িত এলাকা ফেনী-১, তাই এখানে একটি ক্রীড়াপল্লী করা হবে। এতে এলাকার পরিবেশ সুন্দর হবে এবং নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে—যারা জাতীয় পর্যায়ে ভূমিকা রাখতে পারবে বলে আমরা আশা করি। এলাকার উন্নয়নের ধারা অব্যাহত থাকবে এবং মানুষের কল্যাণে কাজ করে যাব ইনশাআল্লাহ।”

​টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক ও উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব কফিল উদ্দিন সরকারের সভাপতিত্বে এবং নুর হোসেন মজুমদার ও ক্লাবের প্রতিষ্ঠাতা জিয়াউল হক বাবলুর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফেনী জেলা পরিষদের প্রশাসক প্রফেসর এম. এ খালেক, ছাগলনাইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুর আহাম্মদ মজুমদার, সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র আলমগীর বি.এ, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক প্যানেল মেয়র ইউছুপ মজুমদার, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী শারাফাত উল্ল্যাহ ভূঁঞা শামীম, বদরুদ্দৌজা ভূঁঞা তারেক, কাজী মাঈন উদ্দিন দিদার, ছাগলনাইয়া ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সচিব আবছারুল হাই উজ্জ্বল, সদস্য শাহীন মজুমদার, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের উপদেষ্টা মোহাম্মদ ফারুক, সভাপতি মোঃ শাহজাহান আশিক ও কার্যনির্বাহী সদস্য সাজ্জাদ হোসেন শাওনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বিএনএনিউজ/আরিফ মোহাম্মদ মোদাচ্ছের হোসেন/এইচ.এম

Loading


শিরোনাম বিএনএ