বিএনএ, বান্দরবান : বান্দরবান সদর উপজেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে আমন ধানের চারা বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলা কৃষি অফিস বান্দরবানের আয়োজনে এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বান্দরবানের উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন।
কর্মসূচি সম্পর্কে উপ-সচিব মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, যারা বন্যায় বীজতলা হারিয়েছেন, তাদের পুনরায় আমন ধান আবাদে সহায়তা করার লক্ষ্যে এই বিশেষ প্রণোদনা কর্মসূচি নেওয়া হয়েছে। উন্নত জাতের ধান আবাদে উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের সাথে কথা বলে জানা যায়, পাহাড়ি অঞ্চলে বন্যা ও পাহাড়ি ঢলের কারণে প্রায় প্রতি বছরই তাদের কৃষিকাজে ব্যাপক ক্ষতি হয়। এবারও বন্যায় আমন বীজতলা নষ্ট হয়ে যাওয়ায় তারা বিপাকে পড়েছিলেন। বিনামূল্যে আমন ধানের চারা পাওয়ায় তারা খুশি এবং তারা দ্রুত আবাদ শুরু করার প্রস্তুতি নিচ্ছেন।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বান্দরবান এর উপ-পরিচালক আবু নঈম মোহাম্মদ সাইফুদ্দীন জানান, সদর উপজেলার ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের তালিকা তৈরি করে তাদের মাঝে বিনামূল্যে চারা সরবরাহ করা হচ্ছে। জেলার ১৮৩৭ জন চাষীকে দেয়া হয়েছে আমন বীজ দেয়া হয়েছে। যারা বীজতলা তৈরি করতে পারে নি তাদের জন্য বিএডিসি এবং হটিকালচার সেন্টারগুলোতে চারা তৈরি করা হয়েছে। এর পরিমাণ ৭০ শতক। সে চারা প্রান্তিক কৃষকদের হাতে তুলে দেয়া হচ্ছে। আগামী এক সপ্তাহের মধ্যে এ বিতরণ কার্যক্রম শেষ হবে। পাহাড়ি অঞ্চলে কৃষি উৎপাদন বাড়াতে কৃষি বিভাগ সবসময় কৃষকদের পাশে আছে।
অনুষ্ঠানে স্থানীয় কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, উপকারভোগী কৃষক উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ/হাসান মুন্না/
![]()

