25 C
আবহাওয়া
১২:১০ অপরাহ্ণ - এপ্রিল ৩০, ২০২৬
Bnanews24.com
Home » বাণিজ্যিক রাজধানী গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র

বাণিজ্যিক রাজধানী গড়ে তুলতে যোগাযোগ ব্যবস্থা ঢেলে সাজানো হচ্ছে : চসিক মেয়র


বিএনএ, চট্টগ্রাম : কার্যকর বাণিজ্যিক রাজধানী হিসেবে চট্টগ্রামকে গড়ে তুলতে সমন্বিত অবকাঠামো উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে নগরের যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানো হচ্ছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন।

চট্টগ্রাম নগরীর পশ্চিম ষোলশহর ওয়ার্ডের খতিবের হাট এলাকায় ৯ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়িত সড়ক ও ড্রেন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে তিনি আজ এ কথা বলেন।

মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, সরকার চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে গড়ে তোলার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা বাস্তবায়নে টেকসই সড়ক নেটওয়ার্ক, উন্নত ড্রেনেজ ব্যবস্থা এবং শিল্পাঞ্চলভিত্তিক যোগাযোগ অবকাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। যোগাযোগ ব্যবস্থা উন্নত না হলে শিল্পায়ন, বিনিয়োগ এবং কর্মসংস্থান সৃষ্টি কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছাবে না। তাই আমরা পরিকল্পিতভাবে ওয়ার্ডভিত্তিক অবকাঠামো উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি।

উদ্বোধন করা প্রকল্পের আওতায় খতিবের হাট এলাকায় মোবারক আলী রোড, সুন্নিয়া মহিলা মাদ্রাসা-সংলগ্ন সড়ক, চানমিয়া সওদাগর রোড, ত্রিপুরা খাল-সংলগ্ন রাস্তা, নবীনগর আবাসিক এলাকা, সদর খাল-সংলগ্ন সড়ক এবং বার্মা কলোনি আবাসিক এলাকার ৪ হাজার ১০০ ফুট রাস্তা ও ড্রেনের উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে।

এরপর মেয়র মোহরা ওয়ার্ডের বালি খালের ওপর নির্মিত ৩ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে ২০ মিটার দৈর্ঘ্যের একটি আরসিসি ব্রিজের উদ্বোধন করেন।

মেয়র বলেন, কালুরঘাট শিল্প এলাকার সড়ক সম্প্রসারণ, খালে পানিপ্রবাহের সক্ষমতা বৃদ্ধি এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে এ ব্রিজ নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, চট্টগ্রামের শিল্পাঞ্চল, আবাসিক এলাকা ও বাণিজ্যিক জোনকে সমন্বিত সড়ক নেটওয়ার্কের আওতায় আনাই আমাদের লক্ষ্য। পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করতে প্রকৌশল, পরিবেশ ও অর্থনৈতিক সম্ভাব্যতা বিবেচনায় নিয়ে প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে চসিকের প্রধান প্রকৌশলী আনিসুল ইসলাম, সাবেক কাউন্সিলর আজম খান, নির্বাহী প্রকৌশলী রিফাতুল করিম, শাফকাত মাহমুদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ