বিএনএ, বিশ্বডেস্ক ইয়েমেনের বন্দরনগরী মোখায় সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও আটজন। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) হুথি-সমর্থিত সংবাদ সংস্থা সাবা এ তথ্য জানিয়েছে।
সাবা জানিয়েছে, নিহতদের মধ্যে দুই শিশু ও এক নারী রয়েছেন। আহতদের মধ্যে এক শিশু ও একজন নারীও রয়েছেন।
ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে ব্যাপক অভিযান চালিয়ে ইয়েমেনের পুরো লোহিত সাগর উপকূল দখলের চেষ্টা করছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বন্দরনগরী মোখাও রয়েছে। হুথিদের এই অগ্রযাত্রা ঠেকাতে সৌদি-সমর্থিত ইয়েমেন সরকারও পালটা পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে।
ইয়েমেনে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের শুরু ২০১৪ সালে, যখন হুথিরা রাজধানী সানা দখল করে নেয়। ২০২২ সালের পর এই যুদ্ধ অনেকটাই স্থবির ছিল। তবে জুলাইয়ে আবারও সংঘাত তীব্র হয়ে ওঠে।
২০১৫ সাল থেকে সৌদি আরব আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারকে সমর্থন দিয়ে আসছে। ওই বছর সৌদি নেতৃত্বাধীন জোট যুদ্ধে হস্তক্ষেপ করার পর সংঘাত আরও তীব্র হয়।
বিএনএ/ওজি
![]()

