33 C
আবহাওয়া
৩:৩৬ অপরাহ্ণ - আগস্ট ২৬, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ভোটের প্রচারণায় তারকারা

গাজীপুরে ভোটের প্রচারণায় তারকারা

তারকা

বিনোদন ডেস্ক: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে নৌকার প্রার্থী আজমত উল্লা খানের সমর্থনে ভোটারদের কাছে ভোট চেয়েছেন দেশের চলচ্চিত্র অঙ্গনের বেশ কয়েকজন তারকা। রোববার (২১ মে) বিকালে মহানগরের টঙ্গী এলাকা থেকে প্রচারণা শুরু করেন তারা।

নৌকার প্রচারণায় অংশ নেন চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়িকা নিপুণ, মাহিয়া মাহি, সাইমন সাদিক, অভিনেত্রী জেসমিন ও কৌতুক অভিনেতা রতন খান। তারা খোলা গাড়িতে চড়ে টঙ্গী থেকে ধীরাশ্রম, জয়দেবপুর, রথখোলা, কৃষি গবেষণা কেন্দ্র, চান্দনা চৌরাস্তা, বাইপাস এবং কোনাবাড়ী এলাকায় প্রচারণা চালান। তাদের দেখতে ভিড় জমান স্থানীয়রা। খোলা ট্রাকে উন্নয়নের গান গেয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করেন। সেইসঙ্গে কয়েকটি পথসভায় বক্তব্য দেন এসব তারকা।

কোনাবাড়ী এলাকায় পথসভায় চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘রাজধানীর পাশে হওয়ায় গাজীপুর নানা কারণে গুরুত্ব বহন করে। এখানে শিল্পকারখানা রয়েছে, লাখ লাখ মানুষ বসবাস করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখেশুনে ও বুঝে আজমত উল্লাকে মেয়র পদে মনোনয়ন দিয়েছেন। তিনি ভালো মানুষ এবং বীর মুক্তিযোদ্ধা। নৌকা মার্কার জয় মানে শেখ হাসিনার জয়, বাংলাদেশের জয়। নাগরিক সুবিধা নিশ্চিত করতে শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে নৌকায় ভোট দিন।’

চান্দনা চৌরাস্তায় ভোটারদের উদ্দেশে চিত্রনায়িকা নিপুণ বলেন, ‘আপনারা সবাই যেভাবে আমাকে ও কাঞ্চন ভাইকে সহযোগিতা করেছেন, তেমনভাবে নৌকা মার্কায় ভোট দিয়ে আজমত উল্লা ভাইকে সহযোগিতা করবেন। ২৫ মে আপনারা নৌকা মার্কায় ভোট দিন। এই মেসেজটা দিতেই গাজীপুরে এসেছি আমরা।’

চান্দনা চৌরাস্তা ও আশপাশের এলাকার ভোটারদের মাঝে লিফলেট বিতরণ করে আজমত উল্লার পক্ষে ভোট চান চিত্রনায়িকা মাহিয়া মাহি। প্রচারণার সময় মাহির স্বামী রকিব সরকার তার সঙ্গে ছিলেন।

পথসভায় মাহিয়া মাহি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা গাজীপুরকে অনেক বেশি গুরুত্ব দিয়ে বিভিন্ন উন্নয়ন করছেন। উন্নয়ন অব্যাহত রাখতে তার মনোনীত প্রার্থী আজমত উল্লাকে নৌকা প্রতীকে ভোট দিয়ে বিপুল ভোটে বিজয়ী করুন।’

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, গাজীপুর সিটিতে ২৩ মে মধ্যরাতে শেষ হচ্ছে ভোটের প্রচারণা। আগামী ২৫ মে ইভিএমে ভোটগ্রহণ হবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ