বিএনএ, ঢাকা : গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে ১৯৭ জনের হাম শনাক্ত হয়েছে এবং আরও ৯৭৪ জনের মধ্যে রোগটির উপসর্গ দেখা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে জানানো হয়েছে, বৃহস্পতিবার (১৬ জুলাই) পর্যন্ত গত ২৪ ঘণ্টায় রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় হামের উপসর্গ নিয়ে মোট ৮ শিশুর মৃত্যু হয়েছে।
বিভাগভিত্তিক তথ্য অনুযায়ী, ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ৩ জনের মৃত্যু হয়েছে। এছাড়া খুলনা বিভাগে ২ জন এবং সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগে একজন করে শিশুর মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, চলতি বছরের ১৫ মার্চ থেকে ১৬ জুলাই পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গে মোট ৭৭৯ জনের মৃত্যু হয়েছে।
এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৯৭ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে আরও ৯৭৪ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। ফলে একদিনে নতুন শনাক্ত ও উপসর্গ মিলিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৭১ জনে।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

