28 C
আবহাওয়া
৪:৪৬ পূর্বাহ্ণ - এপ্রিল ২৫, ২০২৬
Bnanews24.com
Home » মঙ্গলবার মন্ত্রিসভার শপথ

মঙ্গলবার মন্ত্রিসভার শপথ


বিএনএ, ঢাকা: প্রচলিত রীতি ভেঙে বঙ্গভবনের বাইরে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নতুন সরকারের শপথ অনুষ্ঠান আয়োজনের প্রস্তুতি চলছে।  মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে সংসদের তারেক রহমানের নেতৃত্বে বিএনপির নতুন মন্ত্রিসভা শপথ নেবে বলে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান। এর আগে একই দিন সকালে একইস্থানে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে।

শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাতে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা গণমাধ্যমকে জানান, মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের এবং বিকেলে নতুন সরকারের শপথ গ্রহণের আয়োজন করা হচ্ছে সংসদের দক্ষিণ প্লাজায়।

সাধারণত রাষ্ট্রপতি বঙ্গভবনে নতুন সরকারপ্রধান ও মন্ত্রীদের শপথ পাঠ করান। এবার স্থান পরিবর্তনের মাধ্যমে সেই রীতিতে ব্যতিক্রম ঘটতে যাচ্ছে।

সংসদ সচিবালয়ের আরেক কর্মকর্তা জানান, বঙ্গভবনের পক্ষ থেকে সংসদ সচিবালয়কে নতুন সরকারের শপথ আয়োজনের প্রস্তুতি নিতে বলা হলে তাৎক্ষণিকভাবে প্রস্তুতি শুরু করা হয়। একই সঙ্গে সংসদ সদস্যদের শপথের আয়োজনও আগে থেকেই চলছিল।

সংবিধান অনুযায়ী গেজেট প্রকাশের পর তিন দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের শপথ নিতে হয়। শুক্রবার রাতে নির্বাচন কমিশন ত্রয়োদশ সংসদ নির্বাচনের ২৯৯ আসনের মধ্যে ২৯৭টির গেজেট প্রকাশ করে।

নির্বাচনে বিএনপি এককভাবে ২০৯ আসন পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তাদের এক সময়ের মিত্র জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮ আসন। বাকি আসনগুলোতে জয় পেয়েছেন অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ