বিএনএ, ডেস্ক : আবারও মাঝারি শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়। টানা ছয়দিন ধরে তেঁতুলিয়াসহ আশপাশের এলাকায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার (১১ জানুয়ারি) সকাল ৯ টায় সর্বনিম্ন (রাতের) তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়ায় আবহাওয়া অফিস। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি।
দিনভর হালকা কুয়াশার সঙ্গে হিমশীতল বাতাস থাকে। রাতেও বৃষ্টির মতো টিপটিপ করে কুয়াশা ঝরেছে। সকাল ১১টা পর্যন্ত সড়ক মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সন্ধ্যার পর ফাঁকা হয়ে যায় জনবহুল এলাকা। কনকনে শীতে চরম দুর্ভোগ দেখা দেয় খেটে খাওয়ার মানুষের মধ্যে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় বলেন, টানা ছয়দিন ধরে তেঁতুলিয়া ও আশপাশের এলাকা দিয়ে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বয়ে চলেছে। রোববার সকাল ৯টায় দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। শনিবার তাপমাত্রা ছিল ৮ দশমিক ৩ ডিগ্রি। এদিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ৬ থেকে ৮ থাকলে মাঝারি এবং ৮ থেকে ১০ এর মধ্যে থাকলে ওই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায় বলে জানান তিনি।।
বিএনএ/ ওজি
![]()

