বিএনএ ডেস্ক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র এক দিন আগে পদত্যাগের ঘোষণা দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকালে উপাচার্য কার্যালয় সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন তিনি।
পদত্যাগের বিষয়ে ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘আমি দায়িত্ব থেকে সরে দাঁড়াতে চাই। তবে দায়িত্বের ধারাবাহিকতায় যাতে শূন্যতা তৈরি না হয়, এজন্য সরকার চাইলে আমি আর কিছুদিন থাকতে পারি। রাজনৈতিক দল ক্ষমতায় এলেই আমার অব্যাহতিপত্র রাষ্ট্রপতির কাছে জমা দেবো।’
পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি রাজনৈতিক শিষ্টাচার ও প্রশাসনিক গতিশীলতার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, নির্বাচিত সরকার যেন তাদের কর্মপরিকল্পনা অনুযায়ী বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ঢেলে সাজাতে পারে, সে জন্যই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১০ আগস্ট তৎকালীন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। পরবর্তী সময়ে ২৭ আগস্ট শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের মাধ্যমে উন্নয়ন অধ্যয়ন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানকে সাময়িকভাবে উপাচার্য হিসেবে নিয়োগ দেন রাষ্ট্রপতি ও চ্যান্সেলর।
বিএনএ/শাম্মী
![]()

