31 C
আবহাওয়া
৬:০৭ অপরাহ্ণ - মে ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দুদকের জালে বন সংরক্ষক ড. রেজাউল করিম

দুদকের জালে বন সংরক্ষক ড. রেজাউল করিম


বিএনএ ডেস্ক: ঘুষের বিনিময়ে একদিনেই ৭৭ জন কর্মচারীকে বদলির অভিযোগে চট্টগ্রাম অঞ্চলের বন সংরক্ষক ড. মোল্যা রেজাউল করিমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন । সোমবার (৬ অক্টোবর) দুর্নীতি দমন কমিশন সূত্রে এ তথ্য নিশ্চিত করেছে।

গত ফেব্রুয়ারিতে দুদক এনফোর্সমেন্টের অভিযানে ড. মোল্যা রেজাউল করিমকে ৩ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। তার বিরুদ্ধে আনা ১৩টি অভিযোগের মধ্যে ৩ টি অভিযোগের সত্যতা মিলেছে। এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি।

দুদক সূত্রে জানা যায়, বন অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীদের বদলি নীতিমালা, ২০০৪ লঙ্ঘন করে একই দিনে ফরেস্ট গার্ড, ফরেস্টার, নৌকাচালক ও ডেসপাস রাইডার পদমর্যাদার মোট ৭৭ (সাতাত্তর) জন কর্মচারীকে বদলি করেন ড. মোল্যা রেজাউল করিম। অর্থের বিনিময়ে অনেকের মেয়াদ পূর্ণ হওয়ার আগেই বদলি করা হয়েছে এবং অনেককে মেয়াদ উত্তীর্ণ হলেও বদলি করা হয়নি।

এছাড়াও চট্টগ্রাম বন অঞ্চলের অধীন ১০টি বিভাগীয় অফিসের আওতায় প্রতিটি রেঞ্জ থেকে ১ লাখ, প্রতিটি চেক ষ্টেশন থেকে ১ লাখ, বনবিট থেকে ৫০ হাজার টাকা মাসিক চাঁদা আদায়ের অভিযোগের সত্যতা পাওয়া যায়।

উল্লেখ্য, রেজাউল করিমের নামে ঢাকার লালমাটিয়ায় ৭ কোটি টাকার দুটি ফ্ল্যাট, ধানমন্ডিতে স্ত্রীর নামে ৫ কোটি টাকা মূল্যের ফ্ল্যাট ও সাতক্ষীরার তালা থানায় ২০ একর জমি ক্রয়ের প্রাথমিক তথ্য পেয়েছে দুদক। যার ভিত্তিতে দুদক তার বিরুদ্ধে অনুসন্ধান কার্যক্রম শুরু করেছে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ