28.7 C
আবহাওয়া
১:১৮ পূর্বাহ্ণ - জুলাই ২, ২০২৬
Bnanews24.com
Home » সাতকানিয়ায় মাথায় গোলপোস্ট পড়ে শিক্ষার্থী আহত, ৪ দিন পর মৃত্যু

সাতকানিয়ায় মাথায় গোলপোস্ট পড়ে শিক্ষার্থী আহত, ৪ দিন পর মৃত্যু


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামের সাতকানিয়া পৌরসভায় টার্ফে (ফুটবল মাঠ) গোলপোস্ট মাটি থেকে উপরে মাথায় পড়ে এনায়েত উল্লাহ (১১) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) তার মৃত্যু হয়।

নিহত এনায়েত সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী এবং পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের সতিপাড়া এলাকার দর্জি বাদশা আলমের ছেলে।

এর আগে গত শুক্রবার (২৬ জুন) সকালে ডলু ব্রিজের পশ্চিম পাশে একটি টার্ফে বন্ধুদের সাথে ফুটবল খেলতে যায় এনায়েত। খেলার সময় খুলে রাখা গায়ের শার্ট (জামা) গোলপোস্ট থেকে নিতে গিয়ে গোলপোস্ট উপরে মাথায় পড়ে গুরুতর আহত হয় এনায়েত। আইসিইউতে চিকিৎসাধীন থাকার ৪ দিন পর তার মৃত্যু হয়।

জানা যায়, এনায়েত টার্ফে বন্ধুদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে তার গায়ে থাকা শার্ট (জামা) খুলে গোলপোস্টের ওপর রাখে। খেলা শেষে জামা নিতে গিয়ে গোলপোস্টটি তার মাথার উপর পড়লে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করেন চিকিৎসক।  সেখানে আইসিইউ খালি না থাকায় তাকে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। আবার আর্থিক সংকটের কারণে সেখান থেকে তাকে চমেক হাসপাতালের আইসিইউতে আনা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সাতকানিয়া টাউন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোহাম্মদ হোসাইন জানান, আমাদের বিদ্যালয়ে তৃতীয় শ্রেণিতে অধ্যয়নরত ছিল এনায়েত। মাথায় গোলপোস্ট পড়ে আহত হওয়ার ৪ দিন পর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ