বিএনএ ডেস্ক : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা ফিরে পেতে কুমিল্লা-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। এর ফলে তিনি নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে জানিয়েছেন আইনজীবীরা।
আজ রোববার (১ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন পাঁচ সদস্যের আপিল বিভাগ এ আদেশ দেন।
এর আগে, ঋণ খেলাপির অভিযোগ এনে মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিলে ইসিতে আবেদন করেন, এই আসনের ১১ দলীয় জোটের প্রার্থী এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। গত ১৭ জানুয়ারি বিকেলে কুমিল্লা-৪ আসনে ঋণ খেলাপির অভিযোগে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করে নির্বাচন কমিশন (ইসি)।
মঞ্জুরুল আহসান মুন্সী তার প্রার্থিতা ফিরে পেতে ইসির সিদ্ধান্তের বৈধতা নিয়ে হাইকোর্টে রিট করেছিলেন। শুনানি নিয়ে গত ২১ জানুয়ারি হাইকোর্ট রিটটি সরাসরি খারিজ করে দেন।
হাইকোর্টে বিফল হয়ে প্রার্থিতা ফিরে পেতে সর্বোচ্চ আদালতে আপিল করেছিলেন মঞ্জুরুল আহসান। গত ২৬ জানুয়ারি আপিল বিভাগ শুনানি ২৮ জানুয়ারি পর্যন্ত মুলতবি করেন। এর মধ্যে হাইকোর্টের আদেশের প্রত্যায়িত অনুলিপি পেয়ে তিনি নিয়মিত লিভ টু আপিল করেন। ৩০ জানুয়ারি লিভ টু আপিলের ওপর শুনানি শেষে আপিল বিভাগ ১ ফেব্রুয়ারী (রোববার) আদেশের জন্য দিন রাখেন।
আজ আদালতে মঞ্জুরুল আহসানের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম, মো. রুহুল কুদ্দুস ও আইনজীবী মুহাম্মদ সাইফুল্লাহ মামুন এবং হাসনাত আবদুল্লাহর পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন ও মোহাম্মদ হোসেন এবং আইনজীবী জহিরুল ইসলাম মুসা।
পরে জ্যেষ্ঠ আইনজীবী সালাহ উদ্দিন দোলন সাংবাদিকদের বলেন, ‘মঞ্জুরুল আহসানের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। ফলে তিনি নির্বাচন করতে পারবেন না। আদালতের মাধ্যমে স্থগিতাদেশ নিয়ে জাতীয় সংসদ নির্বাচন করার গত আড়াই দশকের চর্চার কবর রচনা করে দিয়েছেন আপিল বিভাগ। ভবিষ্যতে কোনো রাজনৈতিক দল কোনো ঋণখেলাপিকে মনোনয়ন দিতে পারবে না। সেই সঙ্গে দ্বৈত নাগরিকদেরও না।’
বিএনএ/শাম্মী
![]()

