বিএনএ, বিশ্বডেস্ক : কাতারের রাজধানী দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবারের (৯ সেপ্টম্বর) এ হামলায় শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
এক ইসরায়েলি কর্মকর্তা নিশ্চিত করেছেন যে, হামাস নেতৃত্বকে লক্ষ্য করেই এ হামলা চালানো হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, গাজা যুদ্ধবিরতি আলোচনায় অংশ নেওয়া হামাস প্রতিনিধিদের লক্ষ্য করে এ হামলা হয়েছে।
রয়টার্সের প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দোহায় লেগতিফিয়া নামের একটি পেট্রোল স্টেশনের কাছে বিস্ফোরণের পর কালো ধোঁয়ার কুণ্ডলী আকাশে উঠতে দেখা গেছে। ওই পেট্রোল স্টেশনের পাশে একটি ছোট আবাসিক কম্পাউন্ড রয়েছে। গাজায় যুদ্ধ শুরুর পর থেকেই কাতারের এমিরি গার্ডের নিরাপত্তায় ছিল এটি।
ইসরায়েলি সংবাদমাধ্যম দেশটির এক জ্যেষ্ঠ কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে, এ হামলার লক্ষ্য ছিলেন হামাসের নির্বাসিত গাজা প্রধান ও শীর্ষ আলোচক খালিল আল-হাইয়াসহ আরও কয়েকজন নেতা।
কাতার সরকার এ ঘটনাকে ভীরুতাপূর্ণ হামলা বলে আখ্যায়িত করেছে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, হামাস কর্মকর্তাদের লক্ষ্য করে এ ধরনের আক্রমণ আন্তর্জাতিক আইনের প্রকাশ্য লঙ্ঘন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

