28.5 C
আবহাওয়া
৫:৫২ অপরাহ্ণ - জুলাই ১১, ২০২৬
Bnanews24.com
Home » হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

হামের উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু


বিএনএ, ঢাকা : দেশে হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৩২ জন শিশু হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে।

মঙ্গলবার (৭ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মোট ৭৪২ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৪৯ শিশু এবং ল্যাব পরীক্ষায় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৩ শিশু।

স্বাস্থ্য অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুটির শরীরে হামের উপসর্গ ছিল। তবে এই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যুর খবর পাওয়া যায়নি।

গত ২৪ ঘণ্টায় নতুন করে ২১৩ জন নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে এবং হামের উপসর্গ দেখা গেছে আরও ৮১৯ জনের শরীরে। এই এক দিনে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছে ৭৮৮ শিশু এবং সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছে ৭৮২ জন।

অধিদপ্তরের পরিসংখ্যান বলছে, গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত দেশে মোট সন্দেহভাজন হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭ হাজার ৩৮৪ জনে। এর মধ্যে ল্যাব টেস্টে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৩ হাজার ৪ জন। আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯০ হাজার ৫২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৮৬ হাজার ৮৪৪ জন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ