বিএনএ, আনোয়ারা: কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো) ৩ মে থেকে সার উৎপাদন শুরু হয়েছে। এ সার কারখানাটি চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত। এর আগে গত ৪ মার্চ গ্যাস সংকটের কারণে কাফকো’র উৎপাদন বন্ধ ঘোষণা করা হয়।
কাফকো সূত্র জানিয়েছে, গত ১ মে থেকে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানিতে (কাফকো)। ৩ মে থেকে কাফকোতে সার উৎপাদন শুরু হয়েছে। বর্তমানে দৈনিক ১ হাজার ৮০০ মেট্রিক টন ইউরিয়া সার উৎপাদন হচ্ছে।
এ প্রসঙ্গে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের মহাব্যবস্থাপক (অপারেশন ডিভিশন) প্রকৌশলী আমিনুর রহমান বলেন, মন্ত্রণালয়ের নির্দেশে গত ১ মে থেকে কাফকোতে গ্যাস সরবরাহ দেওয়া হচ্ছে। কারখানাটি বর্তমানে উৎপাদনে আছে। এ কারখানায় দৈনিক ৩০ থেকে ৩২ মিলিয়ন ঘনফুটের মতো গ্যাস সরবরাহ করা হচ্ছে।
এদিকে, কাফকো চালু হলেও এখনও বন্ধ রয়েছে আরও দুই সার কারখানা। এগুলো হলো-চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) ও ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (ডিএপিএফসিএল)। এর মধ্যে সিইউএফএল গত ৪ মার্চ থেকে গ্যাস সংকটের কারণে বন্ধ করা হয়। অপরদিকে, কাঁচামাল (অ্যামোনিয়া) সংকটের কারণে গত ১৮ এপ্রিল থেকে ডিএপিএফসিএল সার কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়।
বিএনএ/শাম্মী
![]()

