বিএনএ, ঝিনাইদহ: রোববার (১ ফেব্রুয়ারি) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজী বিভাগের শিক্ষার্থী অনন্য গাঙ্গুলির (২৫) লাশ তার নিজ বাড়ি থেকে উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ী ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলার বাজার পাড়ার হাইস্কুল সড়কে। বাবা প্রদ্যুৎ কুমার গাঙ্গুলি কোটচাঁদপুর মহিলা কলেজের ইংরেজি বিভাগের সাবেক প্রভাষক ও মা রাধারানী কোটচাঁদপুর বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
অনন্য ২০২২ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ঘ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিল।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার (৩১ জানুয়ারি) রাতে অনন্য গাঙ্গুলি ঢাকা থেকে বাড়িতে আসে। রাতে খাবার খেয়ে সে তার শোবার ঘরে চলে যায়। সকাল ৮টার দিকে নাশতা বানিয়ে তার মা খাবার জন্য ডাকে। এ সময় তার কোনো সাড়া না পেয়ে পাশের জানালা দিয়ে উঁকি দিয়ে দেখতে পান অনন্য ফ্যানের সঙ্গে ঝুলছে। এরপর খবর পেয়ে পুলিশ এসে তার মরদেহ উদ্ধার করে।
অনন্যের মা রাধারানী বলেন, ‘সে বাড়ি আসার পর আগের মতোই আচরণ করেছে। আমার সঙ্গে কোনো দিন কোনো বিষয় নিয়ে মন খারাপের ঘটনা ঘটেনি। তবে কেন সে এ ধরনের ঘটনা ঘটাল বুঝতে পারছি না।’
কোটচাঁদপুর থানার পরিদর্শক (তদন্ত) এনায়েত আলী খন্দকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এরপর স্বজনদের সহযোগিতায় শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ মর্গে পাঠানো হয়।
বিএনএ/শাম্মী
![]()
