32 C
আবহাওয়া
৩:৩৪ অপরাহ্ণ - সেপ্টেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু

ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে প্রধান শিক্ষিকার মৃত্যু


বিএনএ, ঢাকা: রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে ছিনতাইকারী ব্যাগ ধরে টান দেওয়ায় রিকশা থেকে পড়ে মোসা. রনজিনা পারভীন নামে এক প্রধান শিক্ষিকার মৃত্যু হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৬টার দিকে শেরেবাংলা নগরের দক্ষিণ প্লাজার খেজুরবাগান-সংলগ্ন সড়কে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রনজিনা পারভীন বগুড়ার গাবতলী উপজেলার বাগবাড়ি বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন। চোখের চিকিৎসার জন্য তিনি বগুড়া থেকে ঢাকায় এসেছিলেন।

জানা গেছে, শুক্রবার রাতে বগুড়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হন রনজিনা পারভীন। শনিবার ভোরে গাবতলী বাস টার্মিনালে পৌঁছানোর পর রিকশাযোগে ফার্মগেট এলাকার ইসলামিয়া চক্ষু হাসপাতালে যাচ্ছিলেন তিনি। পথে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার সামনে পৌঁছালে পেছন থেকে একটি মোটরসাইকেলে করে ছিনতাইকারী এসে তাঁর হাতে থাকা ব্যাগ ধরে সজোরে টান দেয়।

ছিনতাইকারীর টানে ভারসাম্য হারিয়ে রিকশা থেকে রাস্তায় পড়ে যান রনজিনা। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে এবং মাথা ফেটে যায়। পরে ঘটনাস্থল থেকে তাঁকে উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর তাঁকে মৃত ঘোষণা করেন।

তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান জানিয়েছেন, ছিনতাইয়ে ব্যবহৃত মোটরসাইকেল এবং জড়িত ব্যক্তিদের শনাক্ত করার চেষ্টা চলছে। তাদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা করছে পুলিশ।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ