বিএনএ, ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ১১৫টি প্রতীকের একটি তালিকা নিয়ে নির্বাচন কমিশন (ইসি) গেজেট প্রকাশ করেছে। তবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতীক ‘নৌকা’কে স্থগিত করেছে কমিশন।
বুধবার (২৪ সেপ্টেম্বর) নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ গেজেট জারি করা হয়। গেজেটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কাঙ্ক্ষিত ‘শাপলা’ প্রতীকও অন্তর্ভুক্ত হয়নি।
ইতোপূর্বে সংসদ নির্বাচনের বিধিমালার তফসিলে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য মোট ৬৯টি প্রতীক ছিল। নতুন গেজেটে সেটি বাড়িয়ে ১১৫টি করা হয়েছে।
বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত দলের সংখ্যা ৫০টি। এছাড়া নিবন্ধন বাতিল ও স্থগিত রয়েছে আরও পাঁচটি দলের। নতুন করে আরও কয়েকটি দল নিবন্ধনের অপেক্ষায় রয়েছে। দলীয় প্রার্থীদের পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের জন্যও প্রতীক সংরক্ষণ করেছে কমিশন।
এদিকে নিবন্ধন পুনর্বহাল হওয়ায় জামায়াতের ‘দাঁড়িপাল্লা’ প্রতীকও তালিকায় ফিরে এসেছে।
বিএনএ/ ওজি
![]()

