বিএনএ, ঢাকা : লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) আগামী সংসদ নির্বাচনে এককভাবে নির্বাচন করবে বলে ঘোষণা দিয়েছেন দলটির সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ।
বিএনপির সাথে আসন নিয়ে সমঝোতা না হওয়ায় তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে মগবাজারে দলের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন তিনি।
এদিকে এলডিপির মহাসচিব রেদোয়ান আহমেদ আজ বিএনপিতে যোগ দিয়েছেন। বিএনপির প্রার্থী হিসেবে তিনি কুমিল্লা-৭ আসনে নির্বাচনে অংশ নেবেন বলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন।
অলি আহমদ বলেছেন, ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থী মনোনয়ন নিয়ে বিএনপির কেউ তার সঙ্গে কোনো আলোচনা করেননি বলে জানিয়েছেন।
“আমি নিজে তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সালাহউদ্দিন আহমেদের কাছে দলের মনোনয়নের তালিকা পাঠিয়েছি। কিন্তু আনুষ্ঠানিক কোনো বৈঠক হয়নি। তাই আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমরা এককভাবেই নির্বাচন করব,” বলেছেন অলি আহমদ।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
