26.5 C
আবহাওয়া
১০:২৮ অপরাহ্ণ - জুলাই ১৩, ২০২৬
Bnanews24.com
Home » হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত

হোয়াইট হাউসের কাছে আবার গুলি, বন্দুকধারী নিহত


বিএনএ, বিশ্বডেস্ক : যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসের নিরাপত্তা চৌকির সামনে আবারও গোলাগুলির ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) সন্ধ্যায় সিক্রেট সার্ভিসের সদস্যদের সঙ্গে বন্দুকধারীর গোলাগুলি চলে। এসময় মুহূর্তেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় সিক্রেট সার্ভিস। একইসঙ্গে পাল্টা গুলিতে নিহত হয় ওই বন্দুকধারী। এক পথচারী আহত হন।

সিবিসি নিউজের প্রতিবেদনে জানা যায়, গোলাগুলির সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড হোয়াইট হাউসের ভেতরে অবস্থান করছিলেন । স্থানীয় সময় শনিবার সন্ধ্যা ৬টার কিছু পর ১৭ নম্বর স্ট্রিট ও পেনসিলভানিয়া অ্যাভিনিউর সংযোগস্থলের একটি নিরাপত্তা চৌকির দিকে সন্দেহভাজন ব্যক্তি এগিয়ে আসে। হোয়াইট হাউসের কাছে নিরাপত্তা চৌকিতে ব্যাগ থেকে অস্ত্র বের করে দায়িত্বরত কর্মকর্তাদের লক্ষ্য করে গুলি চালায় তিনি। সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিস এজেন্টরা পাল্টা গুলি চালালে হামলাকারী গুরুতর আহত হয়। পরে তাকে জর্জ ওয়াশিংটন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এ দিকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি পোস্টে এফবিআই পরিচালক কাশ প্যাটেল বলেন, ‘হোয়াইট হাউস প্রাঙ্গণের কাছে গুলি চলার পর আমাদের সদস্যরা ঘটনাস্থলে আছেন। তারা সিক্রেট সার্ভিসকে সহায়তা করছেন। পরিস্থিতি অনুযায়ী আমরা সাধারণ মানুষকে হালনাগাদ তথ্য জানাতে থাকবো।’

উল্লেখ্য, এর আগে গত ৪ মে মার্কিন প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও কার্যালয় হোয়াইট হাউসের কাছে সশস্ত্র এক ‘সন্দেহজনক’ ব্যক্তির সঙ্গে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গোলাগুলি হয়।ওই ব্যক্তি গুলি চালিয়ে পালানোর চেষ্টা করেছিলেন। পরে সিক্রেট সার্ভিসের কর্মকর্তাদের গুলিতে তিনি আহত হন।

উল্লেখ্য, গত ২৬ এপ্রিল ওয়াশিংটনের একটি হোটেলে ট্রাম্পকে হত্যাচেষ্টার ঘটনার এক মাসেরও কম সময়ের মধ্যে এটি তৃতীয় বড় নিরাপত্তা ঘটনা।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ