18 C
আবহাওয়া
১০:৩০ পূর্বাহ্ণ - ডিসেম্বর ৯, ২০২৫
Bnanews24.com
Home » চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে নিহত ১

চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে গাড়ি ছিটকে নিহত ১


বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে এক্সপ্রেসওয়ে থেকে প্রাইভেট কার ছিটকে পড়ে একজনের মৃত্যু হয়েছে। এসময় আরও অন্তত ৪ জন আহত হয়েছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) বিকেল চারটার দিকে বন্দর থানাধীন নিমতলা মোড়ের কাছে শহীদ ওয়াসিম আকরাম এক্সপ্রেসওয়ে থেকে টয়োটা হ্যারিয়ার গাড়িটি পড়ে যায়।

নিহত ব্যক্তির নাম শফিক (৫৫)। এ প্রতিবেদন লেখা পর্যন্ত তার সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। আহতদের ইসলামী ব্যাংক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বন্দর থানার উপপরিদর্শক মো. মাসুদ বলেন, হঠাৎ একটি প্রাইভেট কার এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে সড়কে পড়ে যায়। এতে একজন নিহত ও তিনজন আহত হয়েছেন। নিহত ব্যক্তিটি সাইকেল আরোহী ছিলেন। তিনি এক্সপ্রেসওয়ের নিচ দিয়ে যাচ্ছিলেন।

মো. মাসুদ বলেন, তিনি থানার ভেতরেই ছিলেন। হঠাৎ একটি বিকট শব্দে তিনিসহ পুলিশের অন্য সদস্যরা থানা থেকে বের হন। পরে ঘটনাস্থলে গিয়ে দেখেন, একটি গাড়ি উল্টে পড়ে আছে। গাড়ি থেকে দুজন ব্যক্তি নেমে আসেন, তাঁরা সামান্য আহত হয়েছিলেন।

সহকারী পুলিশ কমিশনার (বন্দর) মাহমুদুল হাসান বলেন, গাড়িটি যে স্থান থেকে ছিটকে পড়েছে, সেখানে বাঁক রয়েছে। এক্সপ্রেসওয়ের রেলিংয়ের ওপর দিয়ে তীব্র গতিসম্পন্ন গাড়িটি নিচে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গাড়িটি বেপরোয়া গতিতে চলছিল।

বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, গাড়িটি পতেঙ্গার দিক থেকে আসছিল। নিমতলা মোড়ের কাছে বন্দর থানার বিপরীতে বারিক বিল্ডিংমুখী সড়কের ওপর সেটি এক্সপ্রেসওয়ে থেকে ছিটকে পড়ে।

তিনি বলেন, এ ঘটনায় গুরুতর আহত পাঁচজনের মধ্যে একতরুণীসহ চারজনকে ইসলামী ব্যাংক হাসপাতালে এবং আহত পথচারী শফিককে (৫৫) মা ও শিশু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে শফিক হাসপাতালে মারা যান।

ঘটনার পর ওই এলাকার উভয় পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ