বিএনএ, ঢাকা: মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সম্ভাব্য সংঘাত স্থায়ীভাবে বন্ধ করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের কাছে নতুন একটি কূটনৈতিক প্রস্তাব পাঠিয়েছে ইরান। ইরানি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এ তথ্য জানায়।
তাসনিম নিউজ জানিয়েছে, মার্কিন প্রশাসন সম্প্রতি তেহরানের আগের প্রস্তাবের জবাবে নিজেদের একটি খসড়া পাঠিয়েছিল। সেই বার্তার ভিত্তিতেই ইরান নতুন করে কিছু সংশোধন এনে প্রস্তাবটি তৈরি করে। সোমবার পাকিস্তানি মধ্যস্থতাকারীদের কাছে নথিটি হস্তান্তর করা হয়।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম আল-আরাবিয়ার তথ্য অনুযায়ী, নতুন প্রস্তাবে ইরান শর্তসাপেক্ষে তাদের সমৃদ্ধকৃত ইউরেনিয়াম রাশিয়ায় পাঠাতে রাজি হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে পাঠানো উচিত। তবে তেহরান স্পষ্ট করেছে, তারা ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নয়, রাশিয়ায় পাঠানোর বিষয়েই আলোচনা করতে আগ্রহী।
ইরান আরও প্রস্তাব দিয়েছে, তারা দীর্ঘ সময়ের জন্য পারমাণবিক কার্যক্রম স্থগিত রাখতে পারে। তবে স্থায়ীভাবে কর্মসূচি বন্ধ করতে রাজি নয়। অন্যদিকে যুক্তরাষ্ট্র বরাবরই দাবি করে আসছে, ইরানকে সম্পূর্ণভাবে পারমাণবিক কর্মসূচি পরিত্যাগ করতে হবে।
সংশোধিত প্রস্তাবে তেহরান জানিয়েছে, তারা যুক্তরাষ্ট্রের কাছ থেকে সরাসরি আর্থিক ক্ষতিপূরণ চাইবে না। পরিবর্তে ওয়াশিংটনের কাছে অর্থনৈতিক নিষেধাজ্ঞা শিথিল এবং কিছু বাণিজ্যিক সুবিধা প্রত্যাশা করছে।
বিশ্লেষকদের মতে, ইরানের এই নতুন কূটনৈতিক উদ্যোগ মূলত আঞ্চলিক উত্তেজনা কমানো এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনের প্রচেষ্টা। তবে ওয়াশিংটন শেষ পর্যন্ত প্রস্তাবটি কীভাবে মূল্যায়ন করবে, সেটিই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন।
বিএনএ/ওজি
![]()

