বিএনএ, ঢাকা:সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় দেশের আকাশে শাবান মাসের চাঁদ দেখা যায়নি। তাই আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতে পবিত্র শবেবরাত পালিত হবে।
সন্ধ্যায় বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।
শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিনগত রাতই শবেবরাতের রাত। শবেবরাতের পর দিন দেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। এবার এ ছুটি পড়েছে ৪ ফেব্রুয়ারি (বুধবার)।
শবেবরাতের রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তিলাওয়াতসহ ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়ে থাকেন। শাবান মাস শেষেই সিয়াম সাধনার মাস রমজান।
বিএনএ/ওজি
![]()
