বিএনএ, ঢাকা : ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে নতুন করে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস। ঢাকা-চট্টগ্রাম রুটে চলাচলকারী ট্রেনটি আগামী ২৬ অক্টোবর থেকে কক্সবাজার পর্যন্ত চলাচল করবে। এর ফলে নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ও ফেনীসহ পথের বিভিন্ন জেলার যাত্রীরা সরাসরি ট্রেনে কক্সবাজার যেতে পারবেন। নতুন এই যাত্রার টিকিট বিক্রি শুরু হয়েছে আজ শুক্রবার (১৬ অক্টোবর)।
রেলওয়ের সূচি অনুযায়ী, প্রতিদিন রাত সাড়ে ৮টায় ঢাকার কমলাপুর স্টেশন থেকে কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যাবে মহানগর এক্সপ্রেস। রাত ২টা ৪০ মিনিটে ট্রেনটির চট্টগ্রামে পৌঁছানোর কথা রয়েছে। সেখান থেকে যাত্রা অব্যাহত রেখে সকাল ৬টায় কক্সবাজারে পৌঁছাবে এটি।
ফেরার পথে সকাল ৯টায় কক্সবাজার ছেড়ে দুপুর ১২টা ১০ মিনিটে চট্টগ্রামে যাত্রাবিরতি দেবে ট্রেনটি। এরপর সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। প্রতি রোববার ট্রেনটির সাপ্তাহিক বন্ধ থাকবে। কক্সবাজার থেকে ঢাকাগামী ট্রেনের ২৭ অক্টোবরের টিকিট বিক্রি শুরু হবে শনিবার (১৭ অক্টোবর)।
ভাড়া কত, কোথায় থামবে ট্রেন
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের প্ল্যাটফর্ম মাস্টার মো. মেহেদী হাসান জানান, কক্সবাজার থেকে ঢাকা পর্যন্ত মহানগর এক্সপ্রেসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৬৮৫ থেকে ১ হাজার ৫৭০ টাকা। আর কক্সবাজার থেকে চট্টগ্রাম পর্যন্ত ভাড়া ২৪০ থেকে ৫৪৭ টাকা।
রেলওয়ের দাপ্তরিক আদেশ অনুযায়ী, ট্রেনটিতে থাকবে ১৬টি কোচ। আসনসংখ্যা ৭০০ থেকে বাড়িয়ে ৭৩৬ করা হয়েছে। বর্ধিত রুটে সীতাকুণ্ডের কুমিরা স্টেশনে ট্রেনটির যাত্রাবিরতি থাকছে না। তবে বিমানবন্দর, নরসিংদী, ভৈরব বাজার, আশুগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া, কসবা, কুমিল্লা, লাকসাম, নাঙ্গলকোট ও ফেনী স্টেশনে আগের মতোই থামবে মহানগর এক্সপ্রেস।
বর্তমানে ঢাকা থেকে কক্সবাজারে দুই জোড়া এবং চট্টগ্রাম থেকে দুই জোড়া ট্রেন চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হলে এই রুটে ট্রেনের সংখ্যা বাড়ার পাশাপাশি ঢাকা-চট্টগ্রাম পথের বিভিন্ন জেলার যাত্রীদের সরাসরি কক্সবাজার যাওয়ার সুযোগ তৈরি হবে।
বিএনএনিউজ/মুন্না।
![]()

