বিএনএ, ঢাকা : জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ অনুমোদন দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার দুপুরে রাষ্ট্রপতির কাছে প্রেরণের আগে আদেশের সারসংক্ষেপে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
তবে বিএনপি বলছে, সংবিধান অনুসারে রাষ্ট্রপতির আদেশ জারির ক্ষমতা নেই, তিনি শুধু অধ্যাদেশ জারি করতে পারেন।
প্রধান উপদেষ্টার ভাষণের পর নিজ বাড়িতে ডাকা এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, এর “আইনি বৈধতা নিয়ে প্রশ্ন আছে। সাধারণ প্রজ্ঞাপন, নোটিফিকেশন হলে এই প্রশ্ন তুলতাম না।”
একইসাথে সংবিধান সংস্কার পরিষদ নিয়েও প্রশ্ন তুলেছে দলটি। তাদের দাবি, সংবিধান সংস্কার পরিষদ গঠনের কোনো এজেন্ডা ঐকমত্য কমিশনে ছিল না।ফলে এ নিয়ে কোনো আলোচনাও হয়নি।
সালাউদ্দিন আহমদ বলেন, প্রধান উপদেষ্টা “মূল দলিল থেকে বহু দূরে সরে গেছেন।”
এছাড়াও ব্যয়, সময়, আয়োজন সাশ্রয়ী হওয়ায় একইদিনে জাতীয় নির্বাচন ও গণভোটের বিষয়টি ইতিবাচক হলেও ‘নোট অব ডিসেন্ট’-এর বিষয়গুলোর কী হবে সে বিষয়ে স্পষ্ট কিছু বলা হয়নি বলে দাবি করে দলটি।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
