19 C
আবহাওয়া
১১:৫৬ অপরাহ্ণ - ডিসেম্বর ৬, ২০২৫
Bnanews24.com
Home » আমার বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল

আমার বক্তব্যকে ভুলভাবে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে: মির্জা ফখরুল


বিএনএ, ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নিজের ইউনিয়নে আওয়ামী লীগের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা হলে তা তুলে নেয়া নিয়ে দেয়া বক্তব্য গণমাধ্যম ভুলভাবে উপস্থাপন করেছে

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি এ কথা বলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে মির্জা ফখরুল বলেন, ‘বিকেলে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার মোহাম্মদপুর শাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক মতবিনিময় সভায় দেয়া আমার একটি বক্তব্যকে ভুলভাবে ব্যাখ্যা করে বিভিন্ন গণমাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যা অত্যন্ত দুঃখজনক।

আমি আমার বক্তব্যে বলেছি, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না। আওয়ামী লীগের মতো হয়রানিমূলক মামলা করতে চাই না।

আমার দেয়া বক্তব্যে আরও বলেছি, এই ইউনিয়নে হয়রানিমূলক কোনও মামলা হলে আমরা তুলে নেব। কিন্তু দেশব্যাপী হয়রানিমূলক মামলা দায়ের কিংবা মামলা তুলে নেয়ার বিষয়ে আমি কোনও বক্তব্য দেইনি। দেশের জনগণ ও দলের সব পর্যায়ের নেতাকর্মীকে গণমাধ্যমে প্রকাশিত ভুল বক্তব্যের বিষয়ে বিভ্রান্ত না হওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি।’

প্রসঙ্গত, মঙ্গলবার বিকেলে ঠাকুরগাঁওয়ের এক সমাবেশে বিএনপি প্রতিহিংসার রাজনীতি করতে চায় না উল্লেখ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, আওয়ামী লীগ যেভাবে মামলা করেছে আমরা সেভাবে মামলা করতে চাই না। যদি মামলা হয়ে থাকেও আমি আপনাদের কথা দিচ্ছি সমস্ত মামলা তুলে নেয়া হবে।

তার এই বক্তব্য নিয়ে অনেক গণমাধ্যমের প্রতিবেদনের শিরোনাম ও ফটোকার্ডে বলা হয়, আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে আমরা সমস্ত মামলা তুলে নেব।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ