বিএনএ, ঢাকা : ঢাকায় মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মোসাব্বির হত্যায় জড়িত চার জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
রোববার (১১ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।
যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা হলেন জিন্নাত (২৪), মোঃ বিল্লাল, আব্দুল কাদির(২৮) এবং মোঃ রিয়াজ (৩১)।
ডিএমপি ডিবি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, হত্যার ঘটনার পরপরই ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ জড়িতদের সনাক্তকরণ, গ্রেপ্তার ও হত্যার মোটিভ উদঘাটনে কাজ শুরু করে।
এরই প্রেক্ষিতে ডিবির কয়েকটি টিম ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ এবং প্রত্যক্ষদর্শীদের দেওয়া তথ্য পর্যালোচনা করে ঘটনার সাথে জড়িতদের সনাক্ত করতে সক্ষম হয় বলে দাবি পুলিশের।
পুলিশ জানিয়েছে, ডিবির একাধিক আভিযানিক দল শনিবার ঢাকা, মানিকগঞ্জ, ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে ধারাবাহিক অভিযান পরিচালনা করে এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের গ্রেফতার করে।
এ সময় তাদের হেফাজত হতে হত্যাকান্ডে ব্যবহৃত নম্বর প্লেট বিহীন একটি মোটর সাইকেল ও নগদ ছয় হাজার টাকা উদ্ধার করা হয়।
ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ শফিকুল ইসলাম জানান, এই ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনের জন্য কাজ করছে ডিবি।
গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা ও পলাতকদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
গত সাতই জানুয়ারি রাত সাড়ে আটটায় মোসাব্বিরসহ দুইজনকে গুলি করা হয়।
এতে মোসাব্বির নিহত হন এবং সুফিয়ান বেপারী মাসুদকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এই ঘটনায় নিহত মোসাব্বিরের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা চার বা পাঁচজনকে আসামি করে মামলা দায়ের করেছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()
