25 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » মমতা বন্দ্যোপাধ্যায় আটক

মমতা বন্দ্যোপাধ্যায় আটক


বিএনএ, বিশ্বডেস্ক: ভারতের নির্বাচন কমিশনের বিরুদ্ধে ককরোচ জনতা পার্টির (সিজেপি) ডাকা বিক্ষোভ কর্মসূচিতে সংহতি জানাতে গিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন  তৃণমূল কংগ্রেস নেত্রী ও পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । একইসঙ্গে পুলিশ তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন, প্রতিমা মণ্ডল, ডেরেক ও’ব্রায়েন, সামিরুল ইসলাম এবং সাকেত গোখলেকেও আটক করেছে।

বিক্ষোভ কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে বের হতে গিয়ে বাধার মুখে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দিল্লির ১৮৩ সাউথ অ্যাভিনিউয়ে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে অবস্থান করছিলেন। সেখান থেকে বিক্ষোভের উদ্দেশ্যে বের হতে চাইলে পুলিশ তাকে অবরুদ্ধ করে। বাইরে বের হতে না পেরে তিনি তৃণমূল সাংসদদের সঙ্গে নিয়ে সাউথ অ্যাভিনিউয়ের স্থানীয় বাসস্ট্যান্ডেই অবস্থান নেন। এরপরই তাদের পুলিশ হেফাজতে নেওয়া হয়।

আটকের আগে মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, ‘আমরা কর্মসূচিতে যোগ দিতে বের হয়েছিলাম। জেন-জি আমাদের আমন্ত্রণ জানিয়েছিল। কিন্তু সিজেপির ছেলেদেরও আটক করা হয়েছে, বহু নেতাকে গ্রেপ্তার করা হয়েছে এবং কাউকে যন্তর মন্তরে প্রবেশ করতে দেওয়া হয়নি। আমরা সবসময় ছাত্র ও যুব সমাজের পাশে আছি।’

পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে তৃণমূলনেত্রী অভিযোগ করেন, আন্দোলনকারীদের বাসে তুলে নিয়ে দীর্ঘক্ষণ শহরের রাস্তায় ঘোরানো হচ্ছে। এমনকি অসুস্থ থাকা সত্ত্বেও পিনারাই বিজয়নের সঙ্গেও পুলিশ একই আচরণ করে দুই ঘণ্টা ধরে রাস্তায় ঘুরিয়েছে বলে তিনি দাবি করেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ