29 C
আবহাওয়া
৩:১৮ অপরাহ্ণ - নভেম্বর ১৪, ২০২৬
Bnanews24.com
Home » সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে পরিবর্তন

সাজেকে সড়ক অবরোধ কর্মসূচিতে পরিবর্তন


বিএনএ, রাঙ্গামাটি: সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন এবং সাজেক গণ অধিকার রক্ষা কমিটির ডাকা অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি আজ শনিবার দুপুরের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে শুরু হবে।

সাজেক গণ অধিকার রক্ষা কমিটির সদস্য বিজয় কুমার চাকমার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, পর্যটকদের ভোগান্তির কথা চিন্তা করে আজ শনিবারের পরিবর্তে আগামীকাল রোববার সকাল ছয়টা থেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি শুরু হবে ।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাজেকে সশস্ত্র তৎপরতা শুরু করেছে জেএসএস। দলটি স্থানীয় জনসাধারণকে হুমকি ও ভয়ভীতি দেখাচ্ছে। তাদের বিরুদ্ধে গত বৃহস্পতিবার সমাবেশ করে সময়সীমা বেঁধে দেওয়ার পরও ব্যবস্থা না নেওয়ায় সড়ক অবরোধ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে।

অপরদিকে জেএসএস দাবি করছে, ইউপিডিএফের চাপে পড়ে সংগঠন দুটি এমন কর্মসূচি ঘোষণা করেছে। জেএসএসের প্রচার সম্পাদক সজীব চাকমা গণমাধ্যমকে বলেন, ‘শুধু সাজেক নয়, গোটা পার্বত্য চট্টগ্রামেই জেএসএসের সাংগঠনিক কার্যক্রম রয়েছে। কোথাও সাধারণ মানুষের কাছ থেকে এ রকম অভিযোগ আসে না, সাজেকে তোলা অভিযোগও ভিত্তিহীন। সাজেকে নিরীহ জনগণের ওপর দীর্ঘদিন ধরে ইউপিডিএফের সশস্ত্র সদস্যদের যে নিপীড়ন ও হয়রানি চলছে, সেসব আড়াল করতেই এমন অভিযোগ তোলা হচ্ছে।’

ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা বলেন, দুটি সংগঠনকে অবরোধ কর্মসূচি দিতে বাধ্য করার অভিযোগ সত্য নয়। তবে সাধারণ জনগণের হয়ে দুটি সংগঠন যে কর্মসূচির ডাক দিয়েছে তার প্রতি ইউপিডিএফের সমর্থন থাকবে।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ