25 C
আবহাওয়া
৬:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » বিমানের ভেতর থেকে আটক অভিজিৎ দীপকে

বিমানের ভেতর থেকে আটক অভিজিৎ দীপকে


বিএনএ, বিশ্বডেস্ক: দিল্লিতে বিক্ষোভ মিছিলে যোগ দিতে আসা ককোরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দুই জ্যেষ্ঠ সদস্যকে বিমানের ভেতর থেকে আটক করেছে দিল্লি পুলিশ।

শুক্রবার (১০ অক্টোবর) এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানটি দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পরপরই রানওয়েতে থাকা অবস্থায় পুলিশ সদস্যরা ভেতরে প্রবেশ করে তাকে আটক করে।

বিমানের ভেতরে চলা উত্তেজনাকর পরিস্থিতি নিজের ইনস্টাগ্রাম থেকে সরাসরি সম্প্রচার করে অভিজিৎ দীপকে। তিনি এবং দলের সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বলেন, বিমান থেকে নামা পর্যন্ত অপেক্ষা না করে ভেতরে ঢুকে আটক করায় তাদের স্বাধীনভাবে চলাচলের অধিকার ক্ষুন্ন হয়েছে। তবে তারা পুলিশি গ্রেপ্তারে ভয় পান না।

এই ঘটনার কড়া প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছে সিজেপি। বিবৃতিতে দলটি এ ঘটনাকে ‘কর্তৃত্ববাদী আটক’ বলে উল্লেখ করে দাবি করেছে, শান্তিপূর্ণ বিক্ষোভ শুরুর আগেই নেতৃত্বকে অকার্যকর করতে পরিকল্পিতভাবে তাদের আটক করা হয়েছে। অবিলম্বে অভিজিৎ দীপকে, সৌরভ দাস এবং আশুতোষ রাঙ্কার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি ।

দিল্লি পুলিশ জানিয়েছে, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আয়োজিত এই আন্দোলনের অনুমতি আগে থেকেই বাতিল করেছিল। নির্ধারিত সময়ের আগে অনুমতি চাওয়া হয়নি বলে সিজেপির বিক্ষোভ কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি।

উল্লেখ্য, বিক্ষোভ ঘিরে দিল্লিতে কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ৪৫টি মেট্রো স্টেশন বন্ধ রাখা হয়েছে এবং বহু ট্রেন বাতিল করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর ২০ হাজারের বেশি সদস্য মোতায়েন করেছে কেন্দ্রীয় সরকার।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ