বিএনএ, ডেস্ক :জালিয়াতির অভিযোগে তদন্তের মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল।বুধবার (৯ সেপ্টেম্বর) ডব্লিউএইচওর মহাপরিচালক তেদ্রোস আধানম গেব্রেয়াসুসের কাছে পাঠানো পদত্যাগপত্রে অবিলম্বে দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানান তিনি।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর শেখ হাসিনার ঘনিষ্ঠ রাজনৈতিক ব্যক্তিদের পাশাপাশি তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ ও মামলা সামনে এসেছে। এরই ধারাবাহিকতায় সায়মা ওয়াজেদের বিরুদ্ধেও দুর্নীতি ও জালিয়াতির অভিযোগে তদন্ত চলছে।
২০২৪ সালের শুরুর দিকে পাঁচ বছরের মেয়াদে ডব্লিউএইচওর দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক হিসেবে দায়িত্ব নেন সায়মা ওয়াজেদ। তবে ক্ষমতার পরিবর্তনের পর বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন (দুদক) ২০২৫ সালের মার্চে তার বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করে। একই বছরের জুলাইয়ে তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়। পরে বছরের শেষ দিকে ডব্লিউএইচও তাকে অবৈতনিক প্রশাসনিক ছুটিতে রাখে।
বিএনএ/ ওজি
![]()

