বিএনএ, ডেস্ক : নভেম্বর মাস ঢোকার সাথে সাথেই দেশ জুড়ে শীতের আমেজ শুরু হয়েছে। তবে উত্তরের জেলা পঞ্চগড়ে এর প্রভাব পড়েছে সবচেয়ে আগে। উত্তর হিমালয় অঞ্চল থেকে বয়ে আসা হিমেল বাতাস আর ঘন কুয়াশায় ভোর থেকেই পড়ছে কনকনে শীত।
রোববার সকাল ৬টায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এ সময় বাতাসের আর্দ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গত কয়েক দিনের ব্যবধানে তেঁতুলিয়ায় তাপমাত্রা ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গেছে। উত্তর দিক থেকে নেমে আসা শীতল বাতাস ও ভোরের কুয়াশায় শীতের অনুভূতি ভালোই টের পাচ্ছে সীমান্তবর্তী এই এলাকার মানুষ।
আবহাওয়া অফিসের পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বরের দ্বিতীয় সপ্তাহ থেকেই তাপমাত্রা আরও কিছুটা কমতে পারে। ফলে দেশের উত্তরাঞ্চলে শীতের প্রভাব ধীরে ধীরে বাড়বে এমনকি সেটা বিস্তৃত হবে দেশের অন্যান্য অঞ্চলেও।
বিএনএ/ ওজি
![]()
