বিএনএ, চট্টগ্রাম: বৃষ্টির সঙ্গে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাঁচ শতাধিক ছাড়িয়েছে। আগস্টের পুরো মাসে আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ২০২ জন। আর বছরের প্রথম সাত মাসে আক্রান্তের সংখ্যা ছিল ৮৩৪ জন।
চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর এখন পর্যন্ত জেলায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ২ হাজার ৫৪৮ জন। মারা গেছেন ৬ জন। এর মধ্যে জুলাই, আগস্ট ও সেপ্টেম্বরেই মারা গেছেন ৫ জন।
সংশ্লিষ্টরা বলছেন, ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে। সরকারি-বেসরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর তেমন চাপ নেই। তবে রোগীর সংখ্যা যেভাবে বাড়ছে, তাতে এখনই সমন্বিতভাবে প্রতিরোধমূলক কার্যক্রম জোরদার করা প্রয়োজন।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. মোহাম্মদ সাজেদুর রহমান বলেন, চট্টগ্রামে বর্তমানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে বিভিন্ন স্থানে জমে থাকা পানিতে এডিস মশা বংশবিস্তার করছে।
চট্টগ্রাম সিটি করপোরেশন মশক নিধনে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে। স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকেও বিভিন্ন জায়গায় ডেঙ্গু বিষয়ে সচেতনতা তৈরির জন্য লিফলেট বিতরণ করা হচ্ছে। তবে ডেঙ্গু প্রতিরোধে নাগরিকদেরও সচেতন হতে হবে।
বিএনএ/শাম্মী
![]()

