32 C
আবহাওয়া
১১:৪০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৬, ২০২৬
Bnanews24.com
Home » সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা

সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে গ্রাহকরা উঠাল ৩২৭ কোটি টাকা


বিএনএ, ঢাকা: সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে আমানতের টাকা ফেরত নেওয়ার দ্বিতীয় দিনে ৭ হাজার ৮৯৬ জন গ্রাহক মোট ৩২৭ কোটি টাকা তুলে নিয়েছেন।

এ ছাড়া আমানতের টাকা ফেরত পেতে একই দিনে নতুন করে আরও প্রায় ১২ হাজার গ্রাহক ৩৩১ কোটি টাকা উত্তোলনের জন্য লিখিত আবেদন জমা দিয়েছেন।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সম্মিলিত ইসলামী ব্যাংকের দায়িত্বশীল কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন।

​ব্যাংক সূত্রে জানা যায়, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক এবং সোশ্যাল ইসলামী ব্যাংক; সমস্যায় পড়া এই পাঁচটি ব্যাংককে সম্প্রতি একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়। দীর্ঘ সময় ধরে নিজেদের জমানো আমানত তুলতে না পেরে চরম ভোগান্তিতে পড়েছিলেন এসব ব্যাংকের গ্রাহকেরা।

গত ৭ সেপ্টেম্বর থেকে গ্রাহকদের হাতে টাকা তুলে দেওয়ার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়। এই লেনদেন প্রক্রিয়া নির্বিঘ্ন রাখতে বাংলাদেশ ব্যাংক থেকে সম্প্রতি সম্মিলিত ইসলামী ব্যাংককে ৫ হাজার কোটি টাকার নগদ অর্থ সহায়তা সরবরাহ করা হয়েছে।
​
ব্যাংকের সার্বিক পরিস্থিতি ও অর্থ উত্তোলন নিয়ে ব্যাংকটির এক কর্মকর্তা বলেন, “প্রায় ১৯ হাজার গ্রাহক ১ হাজার কোটি টাকার বেশি অর্থ ফেরত চেয়ে আবেদন করেছেন। তবে এখন পর্যন্ত আবেদনের তুলনায় তুলনামূলক কম অর্থ উত্তোলন করেছেন গ্রাহকেরা। এর পেছনে ব্যাংকের প্রতি তাদের আস্থার বিষয়টি রয়েছে বলে মনে করি।”

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ