বিএনএ, বিশ্বডেস্ক : মধ্যপ্রাচ্যে ইরানের হামলার জেরে সৌদি আরবে নিজেদের দূতাবাসের কর্মকর্তা-কর্মী এবং পরিবারের সদস্যদের দেশে দ্রুত ফিরে আসার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র।রোববার(৮ মার্চ) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি নোটিশ জারি করেছে।
সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে যারা সৌদিতে ভ্রমণে যেতে ইচ্ছুক, তাদেরও সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে নোটিশে।
নোটিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের যেসব নাগরিক সৌদিতে ভ্রমন করতে ইচ্ছুক, তাদের ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা, মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা, সশস্ত্র সংঘাত, সন্ত্রাস, দেশত্যাগে নিষেধাজ্ঞা এবং সামাজিক যোগাযোগমাধ্যম বিষয়ক বিধিনিষেধের বিষয়গুলোকে মাথায় রেখে ভ্রমণের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার আহ্বান জানানো হচ্ছে।
ইরানের পরমাণু প্রকল্প নিয়ে গত ৬ ফেব্রুয়ারি থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত ২১ দিন ধরে সংলাপ চলে তেহরান এবং ওয়াশিংটনের মধ্যে। ২৭ ফেব্রুয়ারি কোনো প্রকার সমঝোতা চুক্তি ছাড়াই শেষ হয় সেই সংলাপ।তার পরের দিন ২৮ ফেব্রুয়ারি ইরানে ‘অপারেশন এপিক ফিউরি’ শুরু করে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ওয়াশিংটনের সঙ্গে তাল মিলিয়ে একই সময়ে ইরানে সামরিক অভিযান ‘অপারেশন রোয়ারিং লায়ন’ শুরু করে ইসরায়েল ।
বিএনএ/ ওজি
![]()

