বিএনএ, বান্দরবান : মিয়ানমারের চলমান অভ্যন্তরীণ সংঘাতের প্রেক্ষাপটে বান্দরবানের থানচি সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা খুমি সম্প্রদায়ের ৪৭ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, মিয়ানমারের চিন রাজ্যের পালেতওয়া এলাকার কয়েকটি গ্রাম থেকে আসা এসব ব্যক্তি গত বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত অতিক্রম করে শুক্রবার বিকেলে তারা জেলার থানচির দুর্গম রেমাক্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের হৈকো খুমি পাড়ার বিভিন্ন বাসায় আশ্রয় নেয়।
খবর পেয়ে বলিপাড়া জোনের অধীন ৩৮ বিজিবি ব্যাটালিয়নের ছোট মধু বিওপির হাবিলদার মিজানুর রহমানের নেতৃত্বে একটি দল হৈকো খুমি পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে। আটক ব্যক্তিদের মধ্যে নারী, পুরুষ ও ১১ শিশুসহ মোট ৪৭ জন রয়েছে বলে জানা গেছে।
বিজিবি সূত্র জানিয়েছে, আটক ব্যক্তিদের পরিচয় ও পরিস্থিতি যাচাই-বাছাই করা হচ্ছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে আন্তর্জাতিক সীমান্ত নীতিমালা অনুসরণ করে তাদের মিয়ানমারে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হবে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, থানচি উপজেলার বড় মদক সীমান্তের ৬৮ থেকে ৭২ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন এলাকা অত্যন্ত দুর্গম। পাহাড় ও ঘন জঙ্গলে ঘেরা হওয়ায় এসব অঞ্চলে সার্বক্ষণিক নজরদারি বজায় রাখা কঠিন। ফলে অনুপ্রবেশ প্রতিরোধে সীমান্তরক্ষীরা বাড়তি সতর্কতা অবলম্বন করছেন।
বিএনএনিউজ/এইচ.এম।
![]()

