26 C
আবহাওয়া
৩:২০ অপরাহ্ণ - জানুয়ারি ১৯, ২০২৬
Bnanews24.com
Home » ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা

ভারতের সঙ্গে উত্তেজনার প্রভাব অর্থনীতিতে পড়বে না: অর্থ উপদেষ্টা


বিএনএ, ঢাকা : ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান উত্তেজনার কোনো প্রভাব দেশের অর্থনীতি ও বাণিজ্যে পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। মঙ্গলবার ( ৬ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অর্থ উপদেষ্টা বলেন, মুস্তাফিজুর রহমানকে ঘিরে যে ঘটনা ঘটেছে, তা দুঃখজনক ও অপ্রত্যাশিত। তিনি বলেন, একজন আন্তর্জাতিকভাবে স্বীকৃত খেলোয়াড় খেলতে যাবে—এটি দয়া বা অনুগ্রহের বিষয় নয়। হঠাৎ করে তাকে প্রত্যাহার করা কোনোভাবেই ভালো বার্তা দেয় না। তবে এ নিয়ে দুই দেশের রাজনৈতিক টানাপড়েন হলেও অর্থনীতি ও বাণিজ্যে এর প্রভাব পড়বে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

রাজনৈতিক প্রভাব পড়বে কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এখানে কিছুটা আবেগ কাজ করেছে। দুই পক্ষই বিষয়টি বিবেচনায় নেবে। বাংলাদেশ চায় না দ্বিপক্ষীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক।

ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, মুস্তাফিজ একজন সেরা খেলোয়াড়—এটি সবাই স্বীকার করে। বাংলাদেশ যে প্রতিক্রিয়া দেখিয়েছে, তা সম্পূর্ণ যুক্তিসংগত। কেউ কোনো পদক্ষেপ নিলে তার প্রতিক্রিয়া হওয়াই স্বাভাবিক।

এ সময় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, একটি ক্রিয়ার বিপরীতে প্রতিক্রিয়া হয়েছে। ভারতের পক্ষ থেকে বাংলাদেশি খেলোয়াড়কে ডেকে নিয়ে পরে প্রত্যাহার করা হয়েছে, তার প্রতিবাদে বাংলাদেশ যে অবস্থান নিয়েছে, সেটি যথাযথ। তিনি বলেন, বিশ্বকাপের ভেন্যু পরিবর্তনের বিষয়টি আলোচনায় এসেছে এবং বাংলাদেশের প্রতিক্রিয়া ভারতেও ভাবনার জন্ম দিয়েছে। শেষ পর্যন্ত শুভবুদ্ধির উদয় হবে এবং দুই দেশই খেলাধুলা ও অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিকভাবে এগিয়ে নিতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ