বিএনএ, বিশ্বডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করেছে ডেমোক্র্যাটিক পার্টি। আজ বুধবার (৪ নভেম্বর) সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বর্তমান ১১৯তম কংগ্রেসের ১০০ সদস্যের সিনেটে রিপাবলিকানদের আসন ছিলো ৫৩টি। অন্যদিকে ডেমোক্র্যাটদের ছিল ৪৫টি। তাদের সঙ্গে জোটে ছিলেন দুজন স্বতন্ত্র সিনেটর।
১০০ সদস্যের উচ্চকক্ষে নিয়ন্ত্রণ নিতে ডেমোক্র্যাটদের মোট চারটি আসন বেশি পাওয়ার প্রয়োজন ছিল। শেষ পাওয়া ফলাফলে দলটি অন্তত ৫১টি আসন নিশ্চিত করে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে, যদিও কিছু আসনে এখনো গণনা চলছে।
নির্বাচনে বেশ কিছু অঙ্গরাজ্যে উল্লেখযোগ্য রদবদল দেখা গেছে।
সাউথ ক্যারোলাইনায় ডেমোক্র্যাট প্রার্থী ও শিশু বিশেষজ্ঞ অ্যানি অ্যান্ড্রুজ রিপাবলিকান ডারলিন গ্রাহামকে পরাজিত করেছেন। নর্থ ক্যারোলাইনায় সাবেক গভর্নর ডেমোক্র্যাট রয় কুপার তার রিপাবলিকান প্রতিপক্ষ মাইকেল হোয়াটলিকে পরাজিত করেছেন।
রিপাবলিকানদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত টেক্সাসেও বড় জয় পেয়েছেন ডেমোক্র্যাট প্রার্থী জেমস টালারিকো। তিনি অঙ্গরাজ্যটির অ্যাটর্নি জেনারেল কেন প্যাক্সটনকে হারিয়ে চমক দেখিয়েছেন।
ওহাইওতে ক্ষমতাসীন রিপাবলিকান সিনেটর জন হাসটেডকে হারিয়ে আসনটি পুনরুদ্ধার করেছেন ডেমোক্র্যাট শেরড ব্রাউন। কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালকে পরাজিত করেছেন ডেমোক্র্যাট যাজক অ্যাডাম হ্যামিল্টন। যা ১৯৩২ সালের পর রাজ্যটিতে ডেমোক্র্যাটদের প্রথম জয়।
এছাড়াও ডেমোক্র্যাটিক পার্টি তাদের বেশ কিছু আসন সফলভাবে ধরে রাখতে পেরেছে, যার মধ্যে সুইং স্টেট জর্জিয়ায় জন ওসফের আসন রয়েছে। ২০০৯ সাল থেকে ভার্জিনিয়ার প্রতিনিধিত্ব করা মার্ক ওয়ার্নার চতুর্থ মেয়াদের জন্য জয়ী হয়েছেন।
এবারের নির্বাচনের ফলের মধ্য দিয়ে রিপাবলিকানদের একক নিয়ন্ত্রণের অবসান ঘটতে যাচ্ছে। ২০২৪ সালের নির্বাচনে সিনেট, প্রতিনিধি পরিষদ ও প্রেসিডেন্ট—তিন ক্ষেত্রেই নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছিল দলটি।
বিএনএ/শাম্মী
![]()

