35 C
আবহাওয়া
৫:২৫ অপরাহ্ণ - এপ্রিল ২২, ২০২৬
Bnanews24.com
Home » ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের

ইসরায়েলকে হামলা থামানোর নির্দেশ ট্রাম্পের


বিএনএ, বিশ্বডেস্ক:  ট্রাম্পের শান্তি পরিকল্পনায় জিম্মিদের মুক্তি ও অন্যান্য কিছু শর্তে হামাস আংশিক সম্মতি দেওয়ায় তাকে স্বাগত জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হামাসের এই ঘোষণার পর ট্রাম্প ইসরায়েলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধের আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩ অক্টোবর) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে লেখেন, ‘হামাসের সদ্য প্রকাশিত বিবৃতির ভিত্তিতে আমি বিশ্বাস করি, তারা স্থায়ী শান্তির জন্য প্রস্তুত। ইসরাইলকে অবিলম্বে গাজায় বোমাবর্ষণ বন্ধ করতে হবে, যাতে আমরা জিম্মিদের নিরাপদে এবং দ্রুত মুক্ত করতে পারি।’

হামাস জানায়, যুদ্ধ বন্ধ হলে তারা সব ইসরায়েলি বন্দিকে মুক্তি দিতে প্রস্তুত এবং ট্রাম্পের সঙ্গে আলোচনা করতেও রাজি। ট্রাম্প সোশ্যাল মিডিয়ার একটি ভিডিওতে শান্তি চুক্তির আলোচনায় সহায়তার জন্য কাতার, তুরস্ক, সৌদি আরব, জর্ডান, মিশরসহ কয়েকটি রাষ্ট্রকে ধন্যবাদ জানান।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হোয়াইট হাউসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক শেষে এক যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ দফা শান্তি প্রস্তাব প্রকাশ করেন।

প্রস্তাব অনুযায়ী, যদি হামাস যুদ্ধবিরতিতে রাজি হয়, তাহলে ৭২ ঘণ্টার মধ্যে ইসরায়েলি জীবিত ও মৃত সব জিম্মিকে মুক্তি দিতে হবে, যার মাধ্যমে গাজায় একটি স্থায়ী যুদ্ধবিরতি কার্যকর হবে। এই পরিকল্পনা অনুযায়ী হামাসকে গাজার নিয়ন্ত্রণ পুরোপুরি ছেড়ে দিতে হবে ।  এরপর আন্তর্জাতিক সম্প্রদায়কে নিয়ে ‘দ্য বোর্ড অব পিস’ বা শান্তি প্রশাসন নামে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ