বিএনএ, ঢাকা: বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও জামায়াতসহ ৩৮টি নিবন্ধিত রাজনৈতিক দল। এ তথ্য নিশ্চিত করেছেন ইসি সচিব আখতার আহমেদ।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জানান, দেশে মোট ৫৯টি নিবন্ধিত রাজনৈতিক দল থাকলেও বর্তমানে একটি দলের কার্যক্রম স্থগিত রয়েছে।
ফলে সক্রিয় ৫৮টি দলের মধ্যে ৩৮টি দল নির্ধারিত সময়ের মধ্যে তাদের নিরীক্ষিত আয়-ব্যয়ের হিসাব জমা দিয়েছে।
তিনি বলেন, ১৩টি রাজনৈতিক দল হিসাব জমা দেওয়ার জন্য সময় বাড়ানোর আবেদন করেছে। অন্যদিকে আটটি দল নির্বাচন কমিশনের সঙ্গে কোনো ধরনের যোগাযোগই করেনি। আইন অনুযায়ী এসব দলকে শিগগিরই কারণ দর্শানোর নোটিশ পাঠানো হবে বলে জানান ইসি সচিব।
ইসি সচিব বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমও চলমান রয়েছে। ৩১ জুলাইয়ের মধ্যে যেসব নাগরিকের বয়স ১৮ বছর পূর্ণ হয়েছে, তাদের তথ্য সংগ্রহ ও অন্তর্ভুক্তির কাজ চলছে।
বিএনএ/ ওজি
![]()

