23 C
আবহাওয়া
৫:২০ পূর্বাহ্ণ - মে ১১, ২০২৬
Bnanews24.com
Home » প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত

প্রধানমন্ত্রীর বগুড়া সফর স্থগিত


বিএনএ ডেস্ক: আসন্ন উপনির্বাচনের কারণে প্রধানমন্ত্রী তারেক রহমান পূর্বনির্ধারিত বগুড়া সফর স্থগিত করেছেন। আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ বিতরণ কর্মসূচিতে অংশ নিতে তার বগুড়ায় যাওয়ার কথা ছিলো।

সোমবার (২ মার্চ) রাতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমান গণমাধ্যমকে জানান, আগামী ৯ এপ্রিল তারেক রহমানের ছেড়ে দেওয়া বগুড়া-৬ আসনে উপনির্বাচনকে সামনে রেখে কোনো ধরনের বিতর্কের সুযোগ না দিতেই এই সফরটি আপাতত স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে ১০ মার্চের কর্মসূচির নতুন তারিখ ঘোষণা করা হবে।

সফর স্থগিতের বিষয়ে রেজাউল করিম বাদশা মন্তব্য করেছেন যে, প্রধানমন্ত্রী আইনের শাসনের প্রতি শ্রদ্ধাশীল এবং তিনি নিয়মের মধ্যেই থাকতে চান। যেহেতু বগুড়া সদর আসনে বর্তমানে উপনির্বাচনের ডামাডোল চলছে, তাই এই সময়ে ফ্যামিলি কার্ড বিতরণের মতো বড় কোনো সরকারি কর্মসূচিতে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণ হতে পারে। এই আইনি জটিলতা এড়াতেই প্রধানমন্ত্রী তার সফরটি পিছিয়ে দিয়েছেন বলে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন।

উল্লেখ্য যে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বগুড়া-৬ (সদর) এবং ঢাকা-১৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সংসদীয় রীতি অনুযায়ী শপথ গ্রহণের আগে তিনি নিজের পৈত্রিক আসন হিসেবে পরিচিত বগুড়া-৬ আসনটি ছেড়ে দেন।

বিএনএ/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ