বিএনএ, ঢাকা: সংকটাপন্ন হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসা গ্রহণ করতে পারছেন বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. এ জেড এম জাহিদ হোসেন।মঙ্গলবার (২ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
এ সময় খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন ডা. জাহিদ।
৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিসের পাশাপাশি কিডনি, লিভার, ফুসফুস, চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছেন।
গুরুতর অসুস্থ হওয়ায় ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শয্যাশায়ী খালেদা জিয়া। লিভারজনিত সংকট, কিডনির কর্মক্ষমতা হ্রাস, শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ একাধিক শারীরিক জটিলতা একসঙ্গে দেখা দেওয়ায় তার চিকিৎসা দেওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
মঙ্গলবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থা জানাতে সংবাদ ব্রিফিং করা হয়। সেখানে কথা বলেন খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক জাহিদ হোসেন। ব্রিফিংয়ের একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন তিনি।
জাহিদ হোসেন বলেন, ‘চিকিৎসকরা যে চিকিৎসা দিচ্ছেন, সেটি তিনি (খালেদা জিয়া) গ্রহণ করছেন। তারেক রহমান চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক তদারকি করছেন।’
তিনি আরও বলেন, ‘দোয়ার কারণেই হয়তো উনি সুস্থ হয়ে উঠবেন বলে আশা করি। কোনো ধরনের গুজব ছাড়ানো ও গুজবে কান না দেওয়ার অনুরোধ করছি। তার শারীরিক অবস্থা নিয়ে দল কীভাবে তথ্য দেবে তা জানিয়ে দেওয়া হয়েছে।’
বিএনএ/ ওজি
![]()
